নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ফুসফুসকে সুস্থ রাখে। বিশেষ করে হাঁপানি বা ক্রনিক ব্রংকাইটিসের রোগীদের ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম উপকারী। এরকম কয়েকটা ব্যায়াম সম্পর্কে ধারণা দেয়া হলোঃ-
৪-৭-৮ রিলাক্সিং ব্রিদিং
পিঠ সোজা রেখে আরাম করে বসুন। ’হুস’ আওয়াজ করে মুখ দিয়ে ফুসফুসের সবটুকু বাতাস বের করে দিন। এবার চোখ বন্ধ করে নিঃশব্দে নাক দিয়ে ১ থেকে ৪ পর্যন্ত গুনতে গভীর শ্বাস নিন। সেটা ভেতরে আটকে রাখুন। মনে মনে ৭ পর্যন্ত গুনুন। এবার ঠোঁট গোল করে আবার ’হুস’ করে পুরোটা বাতাস বের করে দিন ৮ পর্যন্ত গুনতে গুনতে। কয়েক সেকেন্ড বিশ্রাম নিয়ে পর পর চার বার এভাবে শ্বাস নিন। এই ব্যায়াম দিনে দু’বার করা ভালো। এতে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক চাপ কমে। ঘুমও ভালো হয়।
শ্বাস গোনার ব্যায়াম
মেরুদন্ড সোজা করে বসুন। চোখ বন্ধ করে পর পর কয়েকবার গভীর শ্বাস প্রশ্বাস নিন। ধীরে ধীরে এর গতি কমে আসবে। প্রথমে প্রশ্বাস ছাড়ার সময় এক গুনবেন, তার পরের বার দুই, এভাবে পাঁচ পর্যন্ত। তারপর আবার নতুন করে এক দিয়ে শুরু করুন। এই ব্যায়ামটি দিনে ১০ মিনিট করবেন। এটি এক ধরনের মেডিটেশন বা ধ্যান। মানসিক চাপ কমায়।
বেলো ব্রিদিং
মুখ বন্ধ করে চটপট নাক দিয়ে ঘনঘন শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যায়াম এটি। প্রতি সেকেন্ডে তিনবার শ্বাস নেওয়া ও ছাড়ার চেষ্টা করুন। তারপর কিছুক্ষণ স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন। ১৫ সেকেন্ডের বেশি নয়। এটি যোগব্যায়ামের একটি কৌশল। এতে ক্লান্তি ঝরে যায় এবং কর্মস্পৃহা ও উৎসাহ বাড়ে।




.jpg)

.jpg)






